পিরোজপুরে চার দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষাও স্থগিত

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৩৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্তকরণসহ চার দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো সাড়া না পেয়ে কর্মবিরতিতে নেমেছেন পিরোজপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের এই কর্মসূচির কারণে জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে। শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম বলেন, আমাদের কর্মসূচির কারণে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দুঃখ প্রকাশ করছি। সরকার দ্রুত আমাদের চার দফা দাবি বাস্তবায়ন করলে আমরা পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করব। কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, দাবি পূরণ হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। চলমান পরীক্ষায় অংশ নিতে এসে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতী জানায়, গত ২০ নভেম্বর আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজ সকালে পরীক্ষা দিতে স্কুলে গিয়ে দেখি স্যাররা কর্মবিরতিতে। তাই পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে আসতে হয়েছে। এদিকে শিক্ষকদের আকস্মিক কর্মবিরতিতে শিক্ষার্থী-অভিভাবক মহলে চরম অসন্তোষ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।


























