
দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, দেশে আজ বিভিন্ন ধরণের অরাজকতা বিরাজমান। এর একমাত্র কারণ হলো দলীয় রাজনীতি, যার কারনে সমাজ আজ কলুষিত। সমাজে একদল লোক ঘরে ঘরে হানাহানি মারামারি সমাজের নানাবিধ বিশৃঙ্খলার পেছনে এগুলো পরোক্ষ ভূমিকা পালন করে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই দলীয় রাজনীতি। পরিবেশ ফিরিয়ে আনতে হলে সমস্ত শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। এদেশের ইসলামী শিক্ষার বিস্তারে ছারছীনা দরবার শরীফের ভূমিকা সার্বজনীনভাবে স্বীকৃত। সমাজে একদল লোক রয়েছে যারা আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দখলদারিত্বের উৎসবে মেতে উঠছে। এদেরকে অপসারণ করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। রোববার (৩০ নভেম্বর) ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিলের ২য় দিন বাদ জোহর উপস্থিত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে একথা বলেন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ. এম. এম বাহাউদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোঃ নেছারুল হক। মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুেচ্চুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ সিরাজুম মুনীর তাওহীদ, ঢাকা দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল লতিফ শেখ, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মুহাঃ মফিজ উদ্দীন প্রমূখ। সোমবার মাহফিলের শেষ দিন। বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত