

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পিরোজপুর জেলা কমিটির সভাপতি ও জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা কমিটির সভাপতি তারিকুল ইসলাম নজিবুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আর্থিক অনিয়ম এবং আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানজীর রশিদ। অভিযোগপত্রে বলা হয়েছে, নজিবুল বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের কয়েকজন নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের জাতীয় মৎস্যজীবী সমিতির বিভিন্ন পদে বসাচ্ছেন। এর মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পিরোজপুর পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শ্রী নরোত্তম কুমার দাসকে টাকা নিয়ে জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সেক্রেটারি করা হয়েছে। একইভাবে নেছারাবাদ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেনকে উপজেলা আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ভাণ্ডারিয়া উপজেলার বিএনপির কর্মী রাজিব জোমাদ্দারের বৈধ কমিটি বাতিল করে যুবলীগ পন্থীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগও রয়েছে। অভিযোগে আরও বলা হয়, নজিবুল সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে খাল খননসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম করেছেন। ইন্দুরকানী উপজেলার পত্তাশী খালের কাজ না করেও প্রায় ৬০ লাখ টাকার বিল উত্তোলনের প্রক্রিয়ায় তিনি জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে। একই ধরনের অভিযোগ সদর উপজেলার বলেশ্বর নদীর খনন কাজ নিয়েও করা হয়েছে। এছাড়া অভিযোগকারী দাবি করেছেন, নজিবুল বিভিন্ন অফিসে গিয়ে জেলা বিএনপির এক নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন এবং জেলেদের কম্বল ও গরু দেওয়ার কথা বলে জনপ্রতি টাকা আদায় করেছেন। এ বিষয়ে অভিযোগকারী তানজীর রশিদ বলেন, “নজিবুল আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসন করে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।” অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারিকুল ইসলাম নজিবুল অভিযোগ অস্বীকার করে বলেন, “কার্ডধারী জেলেদের নিয়ে জাতীয় মৎস্যজীবী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা আগে থেকেই এই সংগঠনের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসনের প্রশ্নই আসে না। আর্থিক অনিয়মের অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।” এ বিষয়ে অভিযুক্ত নরোত্তম কুমার দাস বলেন, “আমি দীর্ঘ ৪২ বছর ধরে জাতীয় মৎস্যজীবী সমিতির সঙ্গে যুক্ত। আমি দলীয় রাজনীতি করি না। আমাকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত