
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৬ এ.এম
অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান (বাটালু) তার কণ্ঠ নকল করে তৈরি করা ভুয়া অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত ৭টায় সোনাতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বিষয়টিকে ‘পরিকল্পিত রাজনৈতিক অপপ্রচার’ বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে এম এ হান্নান বলেন, পাকুল্লা ইউনিয়নের বাসিন্দা রাশেদের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে একটি ভুয়া ফোনালাপ তৈরি করেছে। সেই অডিওতে তার সঙ্গে মাজেদুর রহমান জুয়েলের কথোপকথন দেখানো হলেও বাস্তবে এ ধরনের কোনো আলাপ কখনোই হয়নি বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই অডিও প্রচার করা হয়েছে। এটি নিছক অপপ্রচার নয়; এটি একটি সু-পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে।”
এম এ হান্নান অভিযোগ করে বলেন, একটি মহল তাকে জনমনে অপরাধী হিসেবে উপস্থাপন করতে ধারাবাহিকভাবে অপতৎপরতা চালাচ্ছে। এই ধরনের প্রযুক্তিনির্ভর বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি তার ওপর মানসিক চাপ সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিওটির সত্যতা যাচাই না করে যেন কোনো গণমাধ্যমে তা প্রচার না করা হয়। একই সঙ্গে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে এই অপপ্রচারকারী চক্রকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
সংবাদ সম্মেলনের শেষে এম এ হান্নান আরও বলেন, “একটি অসাধুচক্র আমাকে এবং আমার দলকে নেতিবাচকভাবে প্রচার করতে উঠেপড়ে লেগেছে। আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত