
পিরোজপুর অফিস :: পিরোজপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা হয়। সভার শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ এবং শিক্ষার্থীরা। প্রধান অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশের অগ্রগতিতে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নেতিবাচকতা পরিহার করে আত্মশক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, চারপাশের সমস্যা সমাধানে নিজস্ব উদ্যোগই দেশ ও পৃথিবী বদলানোর প্রথম ধাপ। উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী বলেন, তারুণ্যের আবেগ, উদ্যম ও পরিবর্তনের সংকল্পকে সুসংগঠিতভাবে কাজে লাগাতে হবে। ধৈর্য, সহনশীলতা ও বৈশ্বিক জ্ঞানচর্চার মাধ্যমে তরুণরাই দেশের অগ্রগতির পথ সঠিকভাবে পরিচালনা করতে পারে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত