# অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন, বন্ধের দাবী কৃষকের

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/
- Published: 2026-11-25T17:14:25+06:00
- Author: Sankar Roy

**চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:    **নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দৌলতপুর
গ্রামে ফসলি মাঠ থেকে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এতে করে 
আশেপাশের জমিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা বিভিন্নভাবে তাদেরকে অনুরোধ 
করলে তারা তাতে কোনো কর্ণপাত করেনি। তাই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা গত মঙ্গলবার বিকেলে
চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন।
 আবেদন সূত্রে জানা যায়, পরকোট
ইউনিয়নের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন
করে আসছে। বালু উত্তোলনের কারণে আশপাশের জমির মালিক/কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন
হচ্ছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে ৮৫ জন কৃষকের স্বাক্ষরিত আবেদন পত্রটি আঃ আউয়াল, আনোয়ার
হোসেন ও নূর হোসেন গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে জমা দিয়ে তারা
৩ জন চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে আবেদনের কপি প্রদান করেন এবং
দীর্ঘদিনের তাদের এ সমস্যার কথা তুলে ধরেন। তারা বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের
নিকট তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর
রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।
