
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজপাট রাজাপুর আর, এম, এ দাখিল মাদ্রাসা-এর এবতেদায়ী বিভাগের ক্বারী মো. আইয়ুব হোসেন দীর্ঘ ৪২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে এপ্রিল ২০২৬-এ অবসরে গেছেন। শিক্ষকতার এই দীর্ঘ পথচলায় তিনি অসংখ্য শিক্ষার্থীকে কুরআন শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলেছেন।
তার সম্মানার্থে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আছাদুজ্জামান খানসহ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. মফিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সুপার মো. তাহাজ্জেদ হোসেন।
সভাপতির বক্তব্যে সুপারিন্টেন্ডেন্ট মো. মফিদুল ইসলাম বলেন, “তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি এই প্রতিষ্ঠানের একটি ইতিহাস। তার শৃঙ্খলা, নিষ্ঠা ও আন্তরিকতা আমাদের নতুনসহ সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আছাদুজ্জামান খান বলেন,
“চার দশকের বেশি সময় ধরে তিনি যে অবদান রেখেছেন, তা এই প্রতিষ্ঠানের ভিত্তিকে আরও মজবুত করেছে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে জানানো হয়,
“স্যারের মমতা, ধৈর্য আর স্নেহ আমাদের সারাজীবনের প্রেরণা হয়ে থাকবে।”
এসময় বিদায়ী শিক্ষককে শিক্ষক-কর্মচারী, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত