এম.জে.এ মামুন:
অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএমকে পুরস্কৃত করা হয়েছে।
গত শনিবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি কুমিল্লা জেলা পুলিশের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং কাজের গতি বাড়াবে।
তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুমিল্লাবাসী ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।
তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
কুমিল্লা জেলা পুলিশের এ স্বীকৃতিকে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ধারাবাহিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA