# আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জ হবে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0/
- Published: 2026-11-21T17:16:36+06:00
- Author: Alamin NV

**সিরাজগঞ্জ প্রতিনিধি:**

আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার 
ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে জেলার ছানি আক্রান্ত
ও দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন
করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া
সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন ও উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১০ লাখ ছানি অপারেশন করার পরিকল্পনা গ্রহণ করা
হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে
ছানি অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও 
সম্প্রসারণ করা হবে। সব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে আগামী দুই বছরের মধ্যে
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।

তিনি বলেন, চোখের আলো মানুষের জীবনের অমূল্য সম্পদ। অর্থের অভাবে কোনো মানুষ যেন চোখের
চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। রাজনৈতিক সহিংসতা
ও বিভিন্ন আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের পাশাপাশি ছানিসহ বিভিন্ন
চক্ষু রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে
চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ তাঁর নেতৃত্বের প্রতি
আস্থা রেখেছেন। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা
গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।
সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি 
অংশ।

দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের 
বিনামূল্যে চোখ পরীক্ষা করেন। পাশাপাশি ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ
এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ছানি আক্রান্ত রোগীদের 
শনাক্ত ও তালিকাভুক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে জেলার অসচ্ছল, দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের মধ্যে 
নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগা মানুষের জন্য বিনামূল্যে
অস্ত্রোপচারের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো.
সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ
ডা. শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 
সাংবাদিকরা।
