
দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: প্রায় আড়াই কোটি টাকার রাস্তায় পড়েনি একটি বালুকনাও। রাস্তার কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে পুরো টাকা তুলে নেয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। রাস্তা ভেঙ্গে এমন খানাখন্দকে পরিনত হয়েছে যাতায়াতে সুস্থ্য মানুষও হয়ে পড়েন অসুস্থ।সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক শারিকতলা-নলবুনিয়া-বেকুটিয়া সড়ক। শারিকতলা-নলবুনিয়া থেকে বেকুটিয়া ফেরীঘাট পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ২০২২ সালের মার্চ মাসে বিজেপি (বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর) প্রকল্পের আওতায় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ এর ভাই মিরাজুল ইসলামের ইফতি ইটিসিএল প্রা: লি: ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। যা শেষ হবার কথা ছিল ২০২৩ সালের মার্চ মাসে। কিন্তুু ২ বছর অতিবাহিত হলেও কোন প্রকার কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। বিগত সরকারের সময় রাস্তাটি কার্পেটিং করার জন্য বিপুল পরিমান অর্থ বরাদ্দ হলেও এখন পর্যন্ত একটি বালুকনাও পরেনি এ সড়কে। ফলে এ সড়ক দিয়ে চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন এলাকার হাজার মানুষ। বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে যেমন অপচয় হয় সময়ের অন্যদিকে গুনতে হয় বাড়তি ভাড়া। স্থানীয় বাসিন্দা সালাম মাঝী বলেন, কয়েক যুগ ধরে এই সড়কটির বেহাল দশা । কিন্তু বছরের পর বছর অতিবাহিত হলেও এই সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ । বরং সড়ক নির্মাণের টাকা বরাদ্দ হওয়ার পরেও কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার। ফলে এই এলাকার মানুষের দুর্ভোগ দুর্দশা এখন চরমে পৌঁছেছে। এলজিইডির নির্বাহী কর্মকর্তা জানান, থেমে থাকা কাজ গুলো শুরু করার জন্য ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। যে সমস্ত প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়নি সে সমস্ত কাজের ব্যপারে উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। কাজ না করে টাকা উঠিয়ে নেয়ার ব্যপারে কথা বলতে অপারগ এ কর্মকর্তা। এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে জানান, বিজেপি (বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর) প্রকল্পের আওতায় মেসার্স ইফতি ইটিসিএল প্রা: লি: ঠিকাদারি প্রতিষ্ঠান ২ কোটি ২৩ লক্ষ টাকা চুক্তি মূল্যে এ সড়কটির কাজ পায়, যা কাজ শুরু না করেই বরাদ্দের পূর্ণ টাকা তুলে নেয়া হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত