
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় চেয়ারম্যানকে অপসারণ করে জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের ওপর দায়িত্ব অর্পণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিন জানা গেছে, চেয়ারম্যান মো: নজরুল ইসলাম আত্মগোপনে থাকায় ইউনিয়নের বাসিন্দারা জন্মনিবন্ধন ও ওয়ারিশ কায়েম সনদ নিতে পারছেন না। এতে নিজেদের এবং সন্তানদের বিভিন্ন দাপ্তরিক কাজসহ স্কুল-কলেজে ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। .চেংটাপাড়া গ্রামের শাজাহান আলী বলেন, চেয়ারম্যান পরিষদে আসে না। আমরা এসে বারবার হয়রানির শিকার হচ্ছি। নাগরিক সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান ইউনুস আলর বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। জনগণ চরম ভোগান্তিতে আছে। প্যানেল চেয়ারম্যান হওয়ায় সবাই আমার কাছে আসছেন। কিন্তু আমাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দেওয়ায় আমিও সেবা দিতে পারছি না। রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত