
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২৩ পি.এম
আদালতের পেশকারের কাছে চাঁদা দাবির অভিযোগ: আসামি গ্রেফতার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের হওয়া মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে দীর্ঘদিন পর গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। প্রায় দুই বছর পলাতক থাকার পর রাফিজ বিন সরকার ওরফে পাভেলকে আটক করা হয়।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. হাবিবুর রহমান রাজশাহী মহানগরের যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১০ আগস্ট একটি অজ্ঞাত নম্বর থেকে তার মোবাইলে বার্তা পাঠিয়ে দুর্নীতির অভিযোগ ও ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়। পরে ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে তাকে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগে বলা হয়, প্রাণনাশের আশঙ্কায় তিনি সেদিন আসামিদের ২৫ হাজার টাকা দেন। এরপর একই বছরের ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে আবারও তার কাছে টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দিতে বাধ্য হন। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুরে আদালত কক্ষের ভেতরেও তাকে পুনরায় টাকা দিতে চাপ প্রয়োগ করা হয় এবং টাকা না দিলে অপহরণের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে। মামলায় লক্ষ্মীপুর এলাকার পাভেল (৩০) ও রাজপাড়া এলাকার মো. লালু (৩৫)-কে অভিযুক্ত করা হয়। শুরুতে অজ্ঞাত আরও কয়েকজনের নাম থাকলেও তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে দুইজনের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান শুরু করে এবং অবশেষে পাভেলকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত