
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:৫৭ পি.এম
আন্তঃজেলা ডাকাত দলের সর্দার দুলালসহ গ্রেপ্তার ১৪
![]()
কুমিল্লায় বড়সড় অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহ আলম দুলাল (৪৮)সহ ১৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির পরিকল্পনা করার সময় দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ও বরুড়ায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে পুরো জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঙ্গরা এলাকায় ডাকাত দল নতুন করে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্পটে পুলিশ চেকপোস্ট বসায়।
৩০ সেপ্টেম্বর ভোরে দেবিদ্বার থানায় ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে পুলিশ ভিংলাবাড়ি এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ নাগরিক ভাবনাকে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, শাহ আলম দুলাল (৪৮): দেবিদ্বারের বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের বাসিন্দা ও ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। মনির হোসেন (৪০): মুরাদনগরের উড়িরচর খা-বাড়ির বাসিন্দা; ২১টি মামলার আসামি। আল আমিন (৩২): বুড়িচংয়ের জুরাইন মাইকপাড়া গ্রামের বাসিন্দা; ৭টি মামলার আসামি। খোকন (৪০): বড়রা উপজেলার বাসিন্দা; ৯টি মামলার আসামি। সোহেল (২৬): চান্দিনার চিলোড়া গ্রামের বাসিন্দা; ১৫টি মামলার আসামি।
এ ছাড়া আরও ৯ জন ডাকাতকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বিভিন্ন জেলার বিভিন্ন মামলার আসামি রয়েছে। অভিযানে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছ, ০৪ জোড়া স্বর্ণের কানের দুল, ০১টি স্বর্ণের আংটি, ০১ জোড়া রুপার নুপুর, ০১টি স্বর্ণ রাখার ছোট লাল বক্স, নগদ ২০ হাজার টাকা, একটি কালো রঙের হাইএস মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭)
এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (রামদা, কুড়াল, চাপাতি, প্লাস, স্টিলের রড, ছেনি, চেইন ইত্যাদি) ও ১১টি মোবাইল ফোন, ব্যাগ ও বস্তা জব্দ করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার নজির আহমেদ খান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কুমিল্লার লালমাইয়ে ৩টি, বরুড়ায় ১টি ও নবীনগর উপজেলায় ১টি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”
দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. শাহীন এবং দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ নাগরিক ভাবনাকে জানান, ঘটনাটির তথ্য-উপাত্য যাচাই শেষে সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত