
পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।বক্তব্যে তিনি বলেন, “একটি দেশে বসবাসরত সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে।প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে। যারা ধর্মে ধর্মে দাঙ্গা লাগায়, তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে ‘সংখ্যালঘু’ বলতে কোনো আলাদা পরিচয় নেই।” তিনি আরও বলেন, “বাংলাদেশে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা এমন একটি দেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভেদাভেদহীনভাবে নিজ ধর্ম পালন করবে। মত বা আদর্শ ভিন্ন হতে পারে, তবে প্রয়োজন বৈষম্যহীনতা, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করা।” স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন, “শতবর্ষের পুরোনো পৌরসভা থাকলেও রাস্তাঘাটের বেহাল অবস্থা; স্কুল-কলেজের ছাদ ধসে শিক্ষার্থীর মৃত্যু, স্বাধীনতার ৫৪ বছর পরও এ ধরনের চিত্র মেনে নেওয়া যায় না।” রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ নানা মত-পথ ও নেতৃত্ব দেখেছে। এখন তারা জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। কেউ কেউ জামায়াতকে ঠেকাতে ‘রাজাকার’ তকমার রাজনীতি সামনে আনছে, কিন্তু এ ধরনের ব্যবসা জনগণ গ্রহণ করে না।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের পিরোজপুর জেলা শাখার মজলিশে শূরা সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবির সদর উপজেলা শাখার সভাপতি আহসানুল হক। পথসভায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত