
পিরোজপুর অফিস:: পিরোজপুর শহরের মধ্য রাস্তার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতা মো. আসলাম শেখ অভিযোগ করেছেন, একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) পিরোজপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার ছবি ব্যবহার করে একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।” তিনি জানান, সম্প্রতি বেকুটিয়া সেতু ও আশপাশের এলাকায় 'এনসিপি' নামক একটি দলের ব্যানার ও ফেস্টুনে তার ছবি ব্যবহার করা হয়েছে। অথচ ঐ দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে তিনি জোর দিয়ে দাবি করেন। আসলাম শেখ বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইনশাআল্লাহ, আজীবন এ দলের সঙ্গেই থাকব।” সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পরিবার বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার স্ত্রী জাকিয়া আসলাম পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি, ছেলে এমডি বদিউজ্জামান শেখ রুবেল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়ে জুই জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসলাম শেখ অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার পরিবার বারবার রাজনৈতিক হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তার ছেলে রুবেল আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় প্রায় ৩০ থেকে ৩৫ বার কারাগারে যেতে হয়েছে। প্রতিবার জামিন করাতে পরিবারকে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। তিনি বলেন, “এসব ষড়যন্ত্র বিএনপির প্রতি আমাদের আস্থা ও কমিটমেন্টকে দুর্বল করতে পারেনি। বিএনপিই আমাদের একমাত্র রাজনৈতিক ঠিকানা।” সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি বলেন, “কোনো ষড়যন্ত্র কিংবা মিথ্যাচার দিয়ে আমাদের দমন করা যাবে না। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত