স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে না পারলেও দলটির পারফরম্যান্সের প্রশংসা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্ট শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়ে তাদের লড়াকু মানসিকতা, ধারাবাহিক সাফল্য এবং বিশ্ব ফুটবলে অবদানের কথা তুলে ধরেছেন।
ইনস্টাগ্রামে দেয়া ওই বার্তায় ইনফান্তিনো লিখেছেন, আর্জেন্টিনার জন্য এটি ছিল একটি অসাধারণ বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টজুড়ে দলের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা বিশ্বের লাখো ফুটবলপ্রেমীকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে আর্জেন্টিনা এমন অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, যা দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে থাকবে।
ফিফা সভাপতি আরও উল্লেখ করেন, ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিক উৎকর্ষেরই প্রমাণ। শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে দলটি যে নিষ্ঠা, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে, তার জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফকে ধন্যবাদ জানান তিনি।
ফাইনালের পর আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, সমালোচনার মধ্য দিয়েই দলটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। একই সময়ে সতীর্থ রদ্রিগো ডি পলও ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের জবাব দেন এবং দলের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার সমালোচনা করেন।
তবে ফিফা সভাপতি তার বার্তায় কোনো বিতর্কের প্রসঙ্গ টানেননি। বরং তিনি আর্জেন্টিনার মাঠের পারফরম্যান্স, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং বিশ্বকাপজুড়ে ফুটবলপ্রেমীদের উপহার দেওয়া স্মরণীয় মুহূর্তগুলোকেই গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোকে তিনি দলটির ধারাবাহিক সাফল্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখা সম্ভব না হলেও, ইনফান্তিনোর বার্তা স্পষ্ট করে দিয়েছে ফিফার দৃষ্টিতে ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা ছিল অন্যতম সেরা দল, আর মেসিদের লড়াই ও অর্জন বিশ্ব ফুটবলের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA