নাগরিকভাবনা ডেস্ক: আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের করা আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঘোষণা করেন। রায়ে বিএনপির নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কারাগারে মারা যান।
নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স, জেল আপিল এবং আসামিদের করা আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট রায় দেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এছাড়া সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা দণ্ডিত আসামিদের মধ্যে শহীদুল ইসলাম শিপু পরবর্তীতে কারাগারে মারা যান। এরপর দণ্ডিত আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলের শুনানিই এখন আপিল বিভাগে চলছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA