নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। জেলার ঐতিহাসিক দারোয়ানি টেক্সটাইল মাঠে আয়োজিত এ ইজতেমা চলবে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত। শেষ দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এ মহাসমাবেশ।
তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত ইজতেমায় অংশ নিতে নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন। আয়োজকদের প্রত্যাশা, ইজতেমাকে কেন্দ্র করে আগামী তিন দিন দারোয়ানি টেক্সটাইল মাঠে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে।
ইজতেমায় মুসল্লিরা ধর্মীয় বয়ান শোনা, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, নফল নামাজ ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন। এ উপলক্ষে মাঠজুড়ে চলছে বিভিন্ন প্রস্তুতি।
মুসল্লিদের সুবিধার্থে থাকা-খাওয়া, অজু-গোসল, বিশুদ্ধ পানির সরবরাহ ও চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। পাশাপাশি ইজতেমার পরিবেশ সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথাও জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য, দারোয়ানি টেক্সটাইল মাঠের মূল প্যান্ডেল ও আশপাশের এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। তবে শনিবারের আখেরি মোনাজাতে নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লির সমাগম হতে পারে বলে আশা করছেন তাঁরা।
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA