
নাগরিকভাবনা ডেস্ক: ইরানের ছোট নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের গুলি চালানো কোনোভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ছিল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তার ভাষায়, ইরানের ছোট নৌযান থেকে কিছু হামলার চেষ্টা হয়েছিল, আমাদের বাহিনী তা প্রতিহত করেছে। এটি যুদ্ধবিরতির লঙ্ঘন নয়।
যুদ্ধবিরতি ঠিক কী করলে লঙ্ঘিত হবে এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি ব্যাখ্যা না দিয়ে রহস্যময়ভাবে বলেন, আপনারা যথাসময়েই জানতে পারবেন। ইরানিরা জানে। তারা জানে কি করা যাবে না। তারা আমাদের সম্মান করে (বা ভয় পায়)।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি এটিকে ‘বিশ্বের জন্য একটি উপহার’ বলেও অভিহিত করেন।
মার্কিন প্রশাসনের মতে, এই উদ্যোগের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে স্থল ও আকাশপথে নজরদারি জোরদার করা হচ্ছে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেয়নি। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি এখনও সংবেদনশীল রয়ে গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত