
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একজনকে হত্যা করা হয়েছে। আরেকটি ঘটনায় মুরগির বিচরণকে কেন্দ্র করে দাদিকে কুপিয়ে হত্যা করেছে নাতি। দুটি ঘটনায় ইতোমধ্যে মোট ৫জনকে আটক করেছে পুলিশ।
একটি ঘটনায় মুরগির বিচরণকে কেন্দ্র করে নাতি সাখাওয়াত হোসেন (১৭) এর দায়ের কোপে দাদি রওশন আরার (৬২) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার খৈরাটি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বাড়িতে মুরগি যাওয়া নিয়ে রওশন আরার ভাতিজা গোলাম মোস্তফা (৩৫) তর্ক লাগে। একপর্যায়ে রওশন আরাকে গোলাম মোস্তফা (৩৫) ও তার ছেলে সাখাওয়াত হোসেন (১৮) মারধর করতে থাকে। পরে সাখাওয়াত হোসেন তার দাদুকে দা দিয়ে কোপ দেয়।
পরবর্তীতে রওশন আরার বড় মেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে একই রাতে আনুমানিক ১০টার দিকে মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে। নিহতের ছেলে মো. বিল্লাল হোসেন (২৯) এর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, জায়গা-জমি নিয়ে খোকন মিয়া (৫০) এর সঙ্গে একই বংশের আসামিদের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। পূর্ব পরিকল্পিতভাবে বদর উদ্দিন আল সানি বাদলসহ মোট ১৩ জন ও ৪-৫ জন অজ্ঞাত আসামি ধারালো দা, রামদা, লোহার রড, বল্লম ও লাঠিসোটা নিয়ে খোকন মিয়ার নিজ বাড়ির উঠানে তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়।
হামলাকারীরা রামদা দিয়ে খোকন মিয়ার মাথায় কোপ দেয় এবং লোহার হাতুড়ি, পাইপ ও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরিবারের সদস্যরা খোকন মিয়াকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোররাতে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
জিএন/এইচ
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত