
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৯:৫০ পি.এম
উত্তেজিত জনতার সড়ক অবরোধ-পুলিশ বক্স ভাঙচুর-আগুন

মোঃ আব্দুল বারী, (বিশেষ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও পুলিশ বক্সে ভাঙচুর করে। দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৮) ও চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আহমেদ (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত ভেঙে তারা দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করছিলো। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় রিফাত। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নয়ন চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সোহাগের বাবা আশরাফুল ইসলাম জানান, ধাওয়া খেয়ে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রিফাত ও সোহাগ। এতেই তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের উপর একজনের মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত