উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (মিডিয়া) মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাকিব উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন দেখা করার কথা বলে রাকিব ওই কিশোরীকে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজির মসজিদ হাফিজিয়া মাদরাসায় যেতে বলেন। এজাহারের অভিযোগ অনুযায়ী, সেখানে রাত আনুমানিক ২টার দিকে মাদরাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, কিশোরীর চিৎকার শুনে রাকিব সেখানে উপস্থিত হন। পরে তাকে মাদরাসার অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-৪, সিপিসি-২, মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, গ্রেফতার হওয়া আসামি রাকিবকে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA