প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৩:২৯ পি.এম
উলিপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমা খাতুন তাঁর মা অলিমা বেগম ও ভাই রহিমুল ইসলামের সঙ্গে বসবাস করতেন। প্রায় এক বছর ধরে শাহিনুর ইসলাম পলাশ নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ওই যুবক নাজমার বাড়িতে গেলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে জানা যায়, ওই যুবক হিন্দু ধর্মাবলম্বী এবং তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। তাঁর বাড়ি একই উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনা বাজার এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় কয়েকজন বিএনপি নেতার মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অর্থের বিনিময়ে সমঝোতা হয় বলে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, এক লাখ ১৬ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। তাঁদের অভিযোগ, ওই অর্থের একটি অংশ নাজমার মামা ও ধামশ্রেণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলে কাদের এবং বাকি অংশ স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী ভাগ করে নেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য, রোববার বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমা একটি পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফি কামাল বলেন, পান্ডুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদলের কাছ থেকে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে বৈঠকে গেলেও সমঝোতা না হওয়ায় আগেই চলে আসেন। পরবর্তী সময়ে উভয় পক্ষের সম্মতিতে টাকা-পয়সার লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে বলে শুনেছেন।
ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, উলিপুর বাজারে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞার শোরুমে তাঁর উপস্থিতিতে উভয় পরিবারের সম্মতিতে বিষয়টি মীমাংসা হয়। জরিমানার পুরো অর্থ নাজমার মামার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
নিহতের মামা ও ধামশ্রেণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলে কাদের বলেন, বৈঠকে তিনি জানতে পারেন, যুবকটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাঁর ভাগনি নাজমা তাঁকে বিয়ে করতে রাজি হননি। পরে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয় এবং এর মধ্যে এক লাখ ১৬ হাজার টাকা পরিশোধ করা হয়। ওই টাকা তাঁর হাতে দেওয়া হলে তিনি তা তাঁর বোনের পরিবারের কাছে পৌঁছে দেন বলে দাবি করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, নাজমার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA