প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:৫৩ পি.এম
উলিপুরে ফজরের নামাজ পড়তে গিয়ে খতিব নিখোঁজ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রোকনুজ্জামান রিপন নামে এক মসজিদের খতিব নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ভোরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রোকনুজ্জামান রিপন উলিপুর উপজেলার বামনাছড়া এলাকার বাসিন্দা। তিনি তবকপুর ইউনিয়নের পুরির পটল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রোকনুজ্জামান রিপন। পরে তিনি মসজিদে না পৌঁছালে স্বজনরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে তার ব্রয়লার মুরগির দোকানের কাছে পাগড়ি, টুপি ও সাইকেল পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর থেকেই পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে ভোরবেলায় নামাজ পড়তে যাওয়ার সময় তার ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকার বিষয়টি স্বজন ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা দ্রুত রোকনুজ্জামান রিপনের সন্ধান দাবি করেছেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিখোঁজ রোকনুজ্জামান রিপনকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA