প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:৩৯ এ.এম
উলিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা ও পৌর শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি উলিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলিপুর পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, সদস্য সচিব হায়দার আলী মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব সোলেমান আলী সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব শামিউল ইসলাম শামীম এবং পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে এবং অনেককে বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। তাদের দাবি, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বাইরে অবস্থান করছে।
বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে এবং দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA