প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:১৮ পি.এম
উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করল উপজেলা প্রশাসন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি এবং মাছের উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ২২৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পৌর শহরের মহারানী স্বর্ণময়ী সরোবরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।
পোনা মাছ অবমুক্তকরণের পর উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের মধ্যে পোনা মাছ বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা, কুড়িগ্রাম খামার ব্যবস্থাপক কাজী আজাদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) রফিকুল ইসলাম, পান্ডুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ছাবেদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ, মৎস্যজীবী সাধন সরকার ও সমাজসেবক শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। এতে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা ও উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, দেশীয় মাছের বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA