# উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/
- Published: 2026-11-24T09:42:24+06:00
- Author: Sankar Roy

**উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:    **কুড়িগ্রামের উলিপুর থানা বার্ষিক পরিদর্শন ও 
থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,
পিপিএম। সোমবার (২৩ নভেম্বর) তিনি উলিপুর থানা পরিদর্শনকালে থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম
পর্যালোচনা করেন এবং গ্রামপুলিশের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা
প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক
এবং নির্মাণাধীন নতুন থানা ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার সার্বিক 
কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।

পুলিশ সুপার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ও দায়িত্বশীল আচরণ এবং
দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ
নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় 
নির্দেশনা দেন।

পরে চৌকিদার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রামপুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন,
স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ এলাকায় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থেকে নিয়মিত নজরদারি করতে
হবে।

তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, মাদকসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানো, চুরি-
ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়
জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। এ ছাড়া পলাতক আসামি
ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা
এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের 
তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয়
পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামপুলিশের
মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে অপরাধ প্রতিরোধ এবং আইন-
শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও কার্যকর হবে।

পরিদর্শনকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উলিপুর থানা পরিদর্শক(
ওসি তদন্ত) কমল কিশোর ঘোষসহ থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও গ্রামপুলিশের সদস্যরা
উপস্থিত ছিলেন।
