# এই জনসভার মূল পরিকল্পনাকারী,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া : এমপি হারুন।

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95/
- Published: 2026-11-29T19:44:10+06:00
- Author: Alamin NV

রাজু আহমেদ, রাজবাড়ী

Thank you for reading this post, don't forget to subscribe!

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে
রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার
দিকে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী) উদ্যোগে
কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত
হয়।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব
অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-
২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে হারুন-অর-রশিদ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগ দুই
ধরনের—একটি পলাতক, অন্যটি নন-পলাতক আওয়ামী লীগ। যারা পলাতক আওয়ামী লীগ রয়েছেন, তারা
নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অশান্ত করবেন না। আপনারা দীর্ঘ প্রায় দেড় যুগ দেশে অনেক
নৈরাজ্য সৃষ্টি করেছেন। এখন শান্ত থাকুন, বাংলাদেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করবেন না।
আর যদি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদের শক্ত হাতে প্রতিহত করব।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
আইন অনুযায়ী প্রশাসনকে সহযোগিতা করে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম
মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, জেলা যুবদলের আহ্বায়ক খারুল আনাম বকুল,
সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক
আরিফুল ইসলাম নোমান ও সদস্য সচিব শাহীনুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।

এ ছাড়া বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, 
সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর
রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি
মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি
মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল
কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং 
অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও 
নৈরাজ্য প্রতিহত করতে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। 
আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এলাকায় বিশৃঙ্খলা কিংবা আগুন সন্ত্রাসের অপচেষ্টা চালালে
তা কঠোর হাতে দমন করা হবে। তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইলে
সবাইকে শান্ত থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের
আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

সমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে যোগ দেন। এতে জনসমাবেশটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
