প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ২:৪২ পি.এম
একই পরিবারের তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি (উকিলপাড়া) গ্রামের একই পরিবারের তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার, এলাকাবাসী ও জেলার শিক্ষা অঙ্গন।
তিন বোন হলেন—কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের দম্পতির কন্যা তাবিয়া রহমান, তাহিয়া রহমান এবং তাকিয়া রহমান।
২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণের ফলেই তারা এই গৌরবময় সাফল্য অর্জন করেছে।
বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের জন্যই নয়, উলিপুর ও কুড়িগ্রাম জেলার শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই অর্জনে এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA