
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:৪৯ পি.এম
‘একুশে পরিষদ নওগাঁ’-র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে নওগাঁয় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’-র উদ্যোগে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শহরের শত বছরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের মুক্তমঞ্চে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে আলোর মিছিলটি শুরু হয়। মিছিলটি প্যারীমোহন গ্রন্থাগার এলাকা থেকে যাত্রা করে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল গেট সড়ক অতিক্রম করে কেডি স্কুল মোড় হয়ে নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আলোকিত মশাল ও মোমবাতির আলোয় সাজানো মিছিলটি পুরো শহরে সৃষ্টি করে এক আবেগঘন ও স্মরণীয় পরিবেশ।
আলোর মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনটির সদ্য নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম. এম. রাসেল (সঞ্চালনায়), সাংগঠনিক সম্পাদক মির বারিক সাচ্চু, অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, প্রতাপচন্দ্র সরকার, বিন আলি পিন্টু, রঞ্জু, কলেজ শিক্ষক শাকিরুল ইসলাম রাসেল, নাইস পারভিন, গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ, মানবাধিকার কর্মী চন্দন দেবসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন। আলোর মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। বক্তব্যে তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে হত্যা করা এ দেশের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীদের। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের একেবারে অন্তিম লগ্নে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যর্থ হচ্ছিল, তখন তারা পরিকল্পিতভাবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। যাতে স্বাধীন বাংলাদেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেই নীলনকশার অংশ হিসেবেই নিরীহ ও নিরস্ত্র বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়—যা মানব ইতিহাসের এক জঘন্য ও ঘৃণ্য অপরাধ, যা কোনোদিন ক্ষমার যোগ্য নয়। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের আদর্শ, চিন্তা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। সেই মহান শহীদদের স্মরণে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ‘একুশে পরিষদ নওগাঁ’ এই আলোর মিছিলের আয়োজন করেছে। শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা, এক মিনিট নীরবতা পালন ও গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলোর মিছিল ও স্মরণানুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত