প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৩:৪৫ পি.এম
এলপিজি ও মূল্য তালিকায় অনিয়মসহ বিভিন্ন অপরাধে জরিমানা

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বারে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পার্কিং, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে আটটি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলাকায় এ বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ফকির ইলেক্ট্রনিক্সের মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দোকানে সঠিক ও হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে গাড়ি পার্কিং করে সড়কে যানজট সৃষ্টির দায়ে দুই বাসচালককে মোট ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে একজন হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মোট আটটি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানকালে বাজারের সবজি ব্যবসায়ীদের দোকানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের বাউচার বা চালান যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA