

শ.ম.গফুর,কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল একটি চক্র। শেষ পর্যন্ত পালিয়ে আসা ভিকটিমদের অভিযোগে অভিযান চালিয়ে ওই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে র্যাব-১৫'র হাতে।শুক্রবার (১০ অক্টোবর) টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার লেঙ্গুরবিলে এ অভিযান চালানো হয় বলে ১১ অক্টোবর র্যাব-১৫ নিশ্চিত করেছে।
এ ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৩৪), উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-৪'র বাসিন্দা মো. হামিম (২১) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৯'র বাসিন্দা আরাফাত উল্লাহ (২৬)।র্যাব-১৫ 'র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ভিকটিমরা চাকরির প্রলোভনে টেকনাফে গিয়ে অপহরণ চক্রের ফাঁদে পড়েন। পরে মুক্তিপণের দাবিতে তাদের আটকে রাখে চক্রটি। সুযোগ পেয়ে ভিকটিমরা পালিয়ে র্যাব'র কাছে আশ্রয় নেন এবং বিস্তারিত অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে র্যাব গোপন তথ্যের সূত্র ধরে চিরুনি অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে। তবে আরও ৪জন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত