প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৬:০৪ পি.এম
কক্সবাজারে সার পাচারকালে ৩শত বস্তা ইউরিয়া সার জব্দ:৫০ হাজার টাকা জরিমানা

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে ইউরিয়া সার পরিবহনকালে ৩০০ বস্তা (১৫ মেট্রিক টন) সার জব্দ করেছে ৩০ বিজিবি ও উপজেলা কৃষি দপ্তর।
এ সময় অপরাধে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় বিজিবি ও উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, সার চোরাচালান ও অবৈধ পরিবহন রোধে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালানো হয়।
এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিবহনকালে ১৫ মেট্রিক টন ইউরিয়া সার ভর্তি একটি যান আটক করা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট / মোবাইল কোর্ট ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অবৈধভাবে সার পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করেন।
একই সাথে জব্দকৃত ৩০০ বস্তা ইউরিয়া সার সরকারি বিধি মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা ও বিজিবি সদস্যদের নির্দেশ প্রদান করা হয়।উপজেলা কৃষি বিভাগ জানায়, সার সংকট কৃত্রিমভাবে তৈরি করা বা অবৈধভাবে পাচারের যেকোনো চেষ্টা রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের এ ধরনের তদারকি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA