
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৯:৪৪ পি.এম
কটিয়াদীতে ‘আওয়ামী দোসর সাংবাদিক’ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার সহযোগী ‘আওয়ামী লীগের দোসর সাংবাদিক' কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং আওয়ামী দোসর সাংবাদিকদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা মে) বেলা ১০টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে কটিয়াদী প্রেস ক্লাব ও সর্বস্তরের সাংবাদিক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৭সালে এই প্রেস ক্লাব গঠিত। তখন থেকেই দলীয়করণ করে ১৩জন সাংবাদিকদের হাতে জিম্মি এই ক্লাব। যা তারা পারিবারিক সম্পত্তি মনে করে সরকারি-বেসরকারী বিভিন্ন অনুদান মাসিক ভাতার মতো লুটেপুটে খেয়ে আসছে। অন্যকোন সাংবাদিক সদস্য হতে বার বার আবেদন করার পরও জামায়াত-বিএনপি তকমা দিয়ে আবেদন নাকচ করা হয় প্রথম সারির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সিনিয়র সাংবাদিকদের।
তাঁরা আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সত্য আড়াল করতেই চিহ্নিত ফ্যাসিস্টরা সাংবাদিকদের বিরুদ্ধে এই কাল্পনিক মামলা দায়ের করেছে। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য বলা থেকে বিরত রাখা যাবে না। এই ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এছাড়াও বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় উপজেলাব্যাপী কলম বিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে কটিয়াদী প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত