
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৬:০৭ পি.এম
কটিয়াদীতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেই ডাক্তার-ওষুধ,সেবা বলতে গেলে শূন্য

চিকিৎসক সংকট নিয়ে চলছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রগুলো।
দেখা যায় কোনো কোনো ইউনিয়নে সুরম্য ভবন আছে, কিন্তু চিকিৎসক নেই। আবার কোনোটিতে কাগজপত্রে চিকিৎসক আছেন, নেই উপযুক্ত ভবন বা চিকিৎসা সরঞ্জাম। উপজেলার ৯টি ইউনিয়নে রয়েছে ৯টি স্বাস্থ্যকেন্দ্র । তবে একটিতেও নেই এমবিবিএস চিকিৎসক। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে কটিয়াদীতে ৯টি ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। কেন্দ্রগুলোতে একজন করে এমবিবিএস চিকিৎসক থাকার কথা। কিন্তু ৯টি স্বাস্থ্য কেন্দ্রে নেই নিয়মিত কোনো উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারও ।কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে একজন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থাকলেও বেলা ১২টার পর তাদেরও পাওয়া যায় না। ফলে গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে উপজেলা বা জেলা সদর হাসপাতালে। প্রতিদিনই রোগী এখানে চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়,জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রে এক বছর ধরে নেই নিয়মিত মেডিক্যাল অফিসার ও ঔষুধ।
জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক জানান,সরকার পতনের পর এখানে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নেই এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির ঔষধ ছাড়া অন্য সাধারন রোগীদের কোন ঔষুধ আসে নাই। শুধু পরিদর্শ এসে হাজিরা দিয়ে ফিল্ডে চলে যায়।
পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর জন্য এমবিবিএস ডাক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, আয়া, নৈশপ্রহরীসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকাসহ ৫টি পদ রয়েছে। কিন্তু বর্তমানে বেশির ভাগ কেন্দ্রে শুধু পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কর্মরত আছেন। বাকি পদগুলো খালি আছে। জনবল সংকটে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দ শাহরিয়ার অনিক জানান,জালালপুরসহ কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নেই আশা করি আগামী দুই মাসের মধ্যে নতুন অফিসার যোগদান করবে। আর ঔষুধ না থাকায় পর্যাপ্ত পরিমান দিতে পারিনি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত