

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে নৌকা ডুবে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম আরিফুর রহমান ওরফে কালা মিয়া (২৮)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
শুক্রবার (১ মে) দুপুরে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে ধানবোঝাই নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ডুবুরির সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদুল মাস্টার জানান, শুক্রবার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে কয়েকজন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এক ভাগ ধান কেটে নৌকায় বোঝাই করে বিল পার হওয়ার সময় অতিরিক্ত ওজনে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুজন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও আরিফুর তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিলের তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে, তরুণ শ্রমিকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। হাওর অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত