
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও গাঁজা সেবনের অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকাধীন দড়ি চরিয়াকোনার 'মনা পাগলা মাজার মেলা'য় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার বেলাব উপজেলার জংগা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. আবুল বাশার (৭২), একই গ্রামের মৃত ইছাকের ছেলে সাদু মিয়া (৬৭), জংগা কারার বাড়ির মৃত উসমান গণির ছেলে সরাজ মিয়া (৫০) এবং কটিয়াদী উপজেলার মূমুরদিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. নূরু মিয়া (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার ও নূরু মিয়াকে ৪৫ দিন করে এবং সাদু মিয়া ও সরাজ মিয়াকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, পৌরসভার দড়ি চরিয়াকোনা এলাকায় ঐতিহ্যবাহী 'মনা পাগলা' নামে একদিনের মেলাকে কেন্দ্র করে একদল লোক অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের আস্তানা গড়ে তোলে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সেখানে হঠাৎ অভিযান চালায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালানোর চেষ্টা করলে গাঁজাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, "মেলার অজুহাতে বা অন্য কোনো উপায়ে এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA