# কাউখালীতে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80/
- Published: 2026-11-25T17:06:24+06:00
- Author: Sankar Roy

**পিরোজপুর অফিস:    **পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ
শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী
ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ
কেন্দ্রীয় আশ্রমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

আগামী ২৯ নভেম্বর (রোববার) পর্যন্ত চলবে মূল ধর্মীয় অনুষ্ঠান। উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী
শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল
থেকে আগত ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। পাশাপাশি ভারত ও নেপালসহ
বিভিন্ন দেশ থেকেও ভক্তদের সমাগম ঘটেছে। বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয়
আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম প্রাঙ্গণে সঙ্ঘের পতাকা উত্তোলনের
মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন।

পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন পিরোজপুরের
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা বিএনপির 
সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

এ ছাড়া কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
পরিতোষ মণ্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী ভক্ত স্বর্ণকার
এবং কেন্দ্রীয় কমিটির কর্মীপ্রধান শ্রী রতন লাল করসহ আশ্রমের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। উৎসবকে ঘিরে আশ্রমসংলগ্ন মাঠে মাসব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলায় 
বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবপত্রের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের
নানা আয়োজন রয়েছে।

এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও ব্যাপক সমাগম ঘটছে। উৎসব
সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ
সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন শ্রীগুরু সঙ্ঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
পরিতোষ মণ্ডল। উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(
ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার
হোসেনকে সদস্যসচিব করে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন
করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
