
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৬ এ.এম
কাটাখালীতে র্যাবের অভিযান: ৪১-বোতল ফেন্সিডিল উদ্ধার

অপু দাস,স্টাফ রিপোর্টার, রাজশাহী: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার, অবৈধ অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সংস্থাটি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে র্যাবের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে র্যাবের গোয়েন্দা সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সন্দেহভাজনদের চলাফেরা নিবিড়ভাবে নজরে রাখেন। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি কাপড়ের ব্যাগ র্যাব সদস্যদের দৃষ্টিগোচর হয়। পরে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হলে এর ভেতর থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ফেন্সিডিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত