
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:৫৩ পি.এম
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকার অভিযোগ

মোঃ ফজলুল কবির গামা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইমরান উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বের হন ইমরান। অন্ধকারেই ওত পেতে থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। ইমরানের আর্তচিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহতের মামা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, "আমরা দ্রুত ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম (সর্পবিষ প্রতিষেধক) পাওয়া যায়নি। ফলে চিকিৎসকরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু যশোর পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ইমরানের এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাপে কাটার পর সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো প্রাণটি বাঁচানো যেত। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে এবং জীবন বাঁচাতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
রাত ৪টার দিকে হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত