
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪১ পি.এম
কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা শুক্রবার (১৪ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আত্মার মাগফিরাত কামনা করে জানাজা আদায় করেন। জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, "মজলুমরা সবসময় নির্যাতিত হয় আর জুলুমবাজরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি, ধর্ষকদের জনসম্মুখে ফাঁসির দাবি করছি। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, প্রায় দুই সহস্রাধিক মানুষের খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।" আরেক শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, স্বৈরাচারী আমলে ধর্ষকদের পুরস্কৃত করা হতো। কিন্তু আমরা চাই, এই ঘৃণ্য অপরাধের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।' বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত হয়ে নির্যাতিত আছিয়ার প্রতি শোক নিবেদন করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানান। উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সি শিশু আছিয়া। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়।গত (১৩ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত