
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৮:০৭ এ.এম
কুবিতে মাইগ্রেশন ফি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাইগ্রেশন ফি সম্পূর্ণ বাতিলের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৮ মে) শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফি অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে, যা কিছু কিছু বিভাগে ২২ হাজার টাকা পর্যন্ত গিয়েছে। তার উপর মাইগ্রেশন করলে অতিরিক্ত ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, ভর্তি শেষে নতুন বিভাগে মাইগ্রেশনের জন্য আলাদা করে কোনো ফি প্রদান করার যৌক্তিকতা নেই। বরং এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া হওয়ায় তা সম্পূর্ণ বিনামূল্যে হওয়া উচিত।
‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক হান্নান রাহিম বলেন, “ভর্তির পর মাইগ্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা বিড়ম্বনায় পড়ে। অনেকেই এসব জটিলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও মাইগ্রেশন করে না। বিভাগ বা ক্লাবভিত্তিক অতিরিক্ত অর্থ আদায় একধরনের অন্যায়। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আশা করছি, প্রশাসন আমাদের দাবি বিবেচনা করবে।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোজ্জাম্মেল হোসাইন আবির বলেন, “ভর্তির সময় শিক্ষার্থীদের প্রায় ২০–২২ হাজার টাকা পরিশোধ করতে হয়, যা অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য। মাইগ্রেশনের সময় আগের বিভাগের টাকা ফেরত না দিয়ে নতুন বিভাগে আবার নতুন ফি নেওয়া হয়, যা বৈষম্য সৃষ্টি করে। আমরা চাই, শিক্ষার্থীদের এই অর্থনৈতিক বোঝা থেকে মুক্তি দেওয়া হোক।”
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “গত কয়েক বছর গুচ্ছভুক্ত থাকায় আমরা অনেক দাবি তুলে ধরতে পারিনি। এখন গুচ্ছ থেকে বেরিয়ে এসে আমরা যৌক্তিকভাবে কথা বলছি। চূড়ান্তভাবে যে বিভাগে একজন শিক্ষার্থী মাইগ্রেট করবে, কেবল সেই বিভাগের ফিই গ্রহণযোগ্য। আমরা চাই, প্রশাসন দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান করুক।”
উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত তারা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষা করবেন। যৌক্তিক দাবি মানা না হলে, তারা আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত।
N.V.S
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত