সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২০২৭-এর ফাইনালে লোক প্রশাসন বিভাগকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত লোক প্রশাসন বিভাগকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
এবারের প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগ রানার্স-আপ এবং বাংলা বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ফাইনালে অংশ নেওয়া দুই দলসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পুরো টুর্নামেন্ট সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত স্বস্তিদায়ক। টুর্নামেন্টে অংশ নেওয়া ১৯টি বিভাগের শিক্ষার্থী, প্রক্টরিয়াল টিম ও সংশ্লিষ্ট শিক্ষকদের তিনি ধন্যবাদ জানান।
উপাচার্য আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চ্যাম্পিয়ন দলের সঙ্গে বাকি ১৮টি বিভাগের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে একটি যৌথ একাদশের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে একটি শক্তিশালী বিশ্ববিদ্যালয় দল গঠন করা হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর, বাস্কেটবল গ্রাউন্ড সংস্কার, ছাত্রীদের জন্য পৃথক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং কেন্দ্রীয় মাঠে মানসম্মত ক্রিকেট পিচ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, শিক্ষার্থীরা শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিযোগিতায় হার-জিত থাকবেই উল্লেখ করে তিনি চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অভিনন্দন জানান।
ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “আমি চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনায় নয়, খেলাধুলার মাধ্যমেও সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করুক।” টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিবহন শাখা, মেডিকেল টিম, এস্টেট শাখা, প্রক্টরিয়াল বডি, ম্যাচ অফিশিয়াল ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৃতীয় স্থান অর্জনকারী বাংলা বিভাগ, রানার্স-আপ লোক প্রশাসন বিভাগ এবং চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচ অফিশিয়ালদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক টাইগার শরীফকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
টানা তৃতীয়বারের এই শিরোপা জয়ের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুসংহত করল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA