
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:৩৪ পি.এম
কুবি শিক্ষার্থীকে সিএনজি চালকের মারধরের অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে এক সিএনজি চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন চাঙ্গিনী দক্ষিণ মোড়ে।
জানা যায়, টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিএনজির ভেতরে পর্দা সরানোকে কেন্দ্র করে শরীফুলের সঙ্গে চালকের বাকবিতণ্ডা হয়। এ সময় চালক তাকে কোটবাড়িতে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরে দক্ষিণ চাঙ্গিনীতে পৌঁছালে চালক শরীফকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং সহযোগীদের নিয়ে তাকে মারধর করেন।
শরীফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দিলে কয়েকজন ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু চালক ও তার সহযোগীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আরও শিক্ষার্থী সেখানে গেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত চালক আলমগীর অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিক্ষার্থী খারাপ ভাষা ব্যবহার করায় তিনি তাকে গ্যারেজে নামিয়ে দিয়ে মালিকের হাতে সোপর্দ করেছেন।
এ বিষয়ে কুবির প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম জানান, “ঘটনার পর স্থানীয় মালিক ও চালকদের উপস্থিতিতে অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে লিখিত মুচলেকা দিয়েছে। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত