
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৫৩ পি.এম
কুমারখালীতে দুই দিনব্যাপী আর্টক্যাম্প: নবীন-প্রবীণের মিলনমেলা

উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্টক্যাম্প। স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগিতায় এই আয়োজন করা হয়। কুঠিবাড়ির মুক্তমঞ্চের পাশে বড় বড় গাছের ছায়ায় বসে ছবি আঁকতে অংশ নিয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী ও শিক্ষক। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ২৭ জন শিক্ষক ও শিক্ষার্থী। শিক্ষার্থীরা এ আর্টক্যাম্পে গ্রামীণ জীবন, রবীন্দ্র কুঠিবাড়ি, পদ্মার দৃশ্যসহ নানা বিষয়বস্তু নিয়ে ছবি আঁকছেন। আর্টক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। সভাপতিত্ব করেন ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপারসন ড. আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন ঢাবি চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক এবং আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন অর রশিদ টুটুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনিসুজ্জামান বলেন, “শিশু শিল্পীদের এই সৃজনশীলতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। শিলাইদহের মতো একটি ঐতিহাসিক জায়গায় এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিনি সাহা ও কুমারখালী রংতুলি আর্ট স্কুলের শিক্ষার্থী তিশা পাল জানান, এখানে অংশ নিয়ে তাঁরা ছবি আঁকার বিভিন্ন কৌশল শিখেছেন এবং তাঁদের মনের প্রশান্তি পেয়েছেন। আজ শনিবার দুপুর ২টায় আর্টক্যাম্প শেষ হবে এবং বিকেল ৩টায় কুমারখালী পাবলিক লাইব্রেরিতে সাত দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীতে নবীন-প্রবীণ শিল্পীদের আঁকা ছবি প্রদর্শিত হবে, যা চলবে ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু নাসের বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য শিশু-কিশোরদের সৃষ্টিশীলতাকে উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। এটি একটি সৃজনশীল আন্দোলন।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত