
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৩:৪১ পি.এম
কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকায় অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৫০)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে একটি গাছে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রফিকুল ইসলাম ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে নিলয় জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রফিকুল বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোরে আবার বের হয়ে স্থানীয়দের মাধ্যমে খবর পান, সড়কের পাশে একটি গাছে তাঁর বাবার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তাঁরা প্রথমে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলেও বিক্ষোভকারীরা লাশ নিয়ে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ সড়কে আবারও অবস্থান নেন এবং অবরোধ চালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় ওই এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
এদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ‘বলেন, “আমরা সব দিক বিবেচনায় রেখে তদন্ত করছি। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, যতক্ষণ না হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে, ততক্ষণ তাঁরা লাশ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত