
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১:২৮ পি.এম
কুষ্টিয়ায় নৃশংস ট্রাজেডি: পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, দুই শিশুকন্যাকে হত্যাচেষ্টা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকায় এক মর্মান্তিক পারিবারিক ঘটনার অবসান ঘটেছে নৃশংস হত্যাকাণ্ডে। পরকীয়ার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মেঘলা খাতুন (৩০) কে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী মামুন (৩৫)। এরপর তাদের দুই শিশু কন্যা কুলসুম (৫) ও জান্নাত (৩)–কে আছড়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা চালান তিনি। শেষে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মামুন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকার নবিউলের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের সূত্র ধরে এদিন রাত আটটার দিকে মামুন ও তার স্ত্রী মেঘলার মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে মামুন ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে ফেলেন। এরপর দুই শিশুকন্যাকে আছড়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। সর্বশেষে তিনি নিজেই আত্মহত্যার চেষ্টা চালান।
পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান মেঘলা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মামুন ও তাদের দুই শিশুকন্যা।
হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব হাসান জানান, মেঘলার শরীরে গভীর আঘাত ছিল, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। গুরুতর জখম দুই শিশুর মধ্যে ছোট মেয়ে জান্নাতের অবস্থা সবচেয়ে সংকটজনক।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস। মামুন তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে দুই সন্তানকে হত্যাচেষ্টা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে। মামলার প্রস্তুতি চলছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত