
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১০:০১ পি.এম
কুষ্টিয়ায় মর্যাদাপূর্ণ আয়োজনে মহান মে দিবস পালিত র্যালি, আলোচনা ও সমাবেশে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে। এসব কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, কর্মস্থলে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। শুক্রবার (১ মে) দুপুরে কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বি.এস.সি, ডাব্লিউ, এফ-এর সভাপতি মো. ওয়ারেশ আহম্মেদ। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম, অথচ তাদের ন্যায্য দাবি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, পারফেক্ট হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পরিচালক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি এবং স্থা-কল্প আর্কিটেক্টসের প্রধান স্থপতি নাজমুস সাকিব তনু। তারা শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইজাল প্রামানিক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজন মালিথা। এর আগে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কুষ্টিয়া বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের জেলা সভাপতি এস এম মহসিন আলির সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা ড. নুরুল আমিন জসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ নিরাপদ করা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। মে দিবসের এসব আয়োজনে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা জেলার শ্রমিক সমাজের ঐক্য ও সচেতনতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত