রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের খোর্দ আইলচারা গ্রামে সাপের কামড়ে আমিরুল ইসলাম আতা (৪৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।নিহত আমিরুল ইসলাম খোর্দ আইলচারা গ্রামের পশ্চিম পাড়ার মো. মতলেব (মতে) বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র। গত রোববার রাতে নিজ বাড়িতে ঘুমানো অবস্থায় আমিরুল ইসলামকে সাপে কামড় দেয়। বিষধর সাপের কামড়ের পর পরিবার ও স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে এক গ্রাম্য ওঝার কাছে নিয়ে যান এবং রাতভর ঝাড়ফুঁক করান। ঝাড়ফুঁকের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে শেষ মুহূর্তে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা চিকিৎসা শুরু করার পর্যাপ্ত সময় পাওয়ার আগেই আজ সোমবার সকালে তিনি মারা যান।নিহতের পরিবার জানায়, সাপে কাটার পর কুসংস্কারবশত গ্রাম্য ওঝার কাছে গিয়ে অনেকটা সময় অপচয় করা হয়েছে। সময়মতো হাসপাতালে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হলে হয়তো তাকে বাঁচানো যেত।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA