
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ৪:৪৬ পি.এম
কুষ্টিয়ার পিয়ারপুর-জোড়াদা রোডে করিমনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত অবৈধ যান চলাচলে বাড়ছে প্রাণহানি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পিয়ারপুর-জোড়াদা রোডে আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় অবৈধ করিমনের ধাক্কায় নিহত হন এনামুল হক (৩৮) নামের এক পুলিশ সদস্য। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা এবং জোড়াদা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটিতে যোগ দিতে বাইকে করে ক্যাম্পে যাচ্ছিলেন এনামুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমন অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, পিয়ারপুর-জোড়াদা সড়কে দীর্ঘদিন ধরেই অবৈধ করিমন, নসিমন ও ভটভটি চলাচল করছে। এর আগেও এই রাস্তায় প্রাণ গেছে এক দোকানির।
তাদের প্রশ্ন—প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, অথচ প্রশাসনের তৎপরতা কোথায়?
নিহতের মৃত্যুর খবরে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোক। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সবাই।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের এক সদস্য কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। করিমনটি জব্দের প্রক্রিয়া চলছে এবং চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, অবৈধ যান চলাচল রোধে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। অভিযান জোরদারের আশ্বাস দিয়ে তিনি বলেন, “নিহতের পরিবারের পাশে আমরা রয়েছি এবং সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত